দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল বলেছেন, বাল্য বিবাহ ও শিশু শ্রম একটি সামাজিক ব্যধি। এই ব্যধি প্রতিরোধ করতে হলে শুধু আইন প্রয়োগ নয়, সকলের সহযোগিতাও প্রয়োজন। তিনি বলেন, ধর্মীয় নেতা ও স্থানীয় এনজিও ও জিও সকলে একযোগে কাজ করলে দিনাজপুর সদর উপজেলাকে বাল্য বিবাহ ও শিশু শ্রমমুক্ত করে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং দিনাজপুর এপির আয়োজনে “বাল্য বিবাহ ও শিশু শ্রম নিরসন মুক্ত দিনাজপুর সদর উপজেলা” শীর্ষক মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। ইউএনও প্রধান অতিথির বক্তব্যে এই আশ্বাস দেন।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন সভার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন খ্রিস্ট ধর্মের প্রতিনিধি সিস্টার জোসতিনা খালকো, উপজেলা প্রকৌশল দপ্তরের ধর্মীয় নেতা মোঃ আনোয়ার হোসেন, ফাজিলপুর ইউনিয়নের ধর্মীয় নেতা মোঃ নুরুল ইসলাম এবং হিন্দু ধর্মীয় নেতা ২নং সুন্দরবন ইউনিয়নের দ্বিজেন্দ্র নাথ রায়। সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার ভিক্টরিয়া বিশ্বাস।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্পন্সরশীপ এবং চাইল্ড প্রোটেকশন অফিসার পেট্রিক রুরাম।