‘রূপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ঐতিহাসিক রামসাগর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। স্থানীয় সরকার দিনাজপুরের উপপরিচালক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ দিনাজপুর জেলা কমিটির সদস্য সচিব ও জেলা মৎস্য কর্মকর্তা মো. তারিফুর রহমান সরকার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক পূরবী রানী রায়। এ সময় জেলার মৎস্যচাষী, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য চাষের মাধ্যমে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এ জন্য মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধে সবাইকে সচেতন হতে হবে।বক্তারা আরও বলেন, বাংলাদেশের মাছ বিশ্বের প্রায় ৫২টি দেশে রপ্তানি হয়ে থাকে। তবে অতীতে মাছ সরবরাহে অনিয়মের কারণে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশের মাছের চাহিদা কমেছে, যার ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ। মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে মৎস্যচাষীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব। এতে দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। একই সঙ্গে মাছের কৃত্রিম প্রজনন ও রাসায়নিক খাদ্যের অনিয়ন্ত্রিত ব্যবহার থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।অনুষ্ঠানের শেষে দিনাজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিকসহ তিনজন সফল মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।