ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতদের বেশিরভাগই নওগাঁ জেলার মান্দা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।সোমবার (২৫ মে) ভোররাতে যমুনা সেতু সংযোগ মহাসড়কের কালিহাতী উপজেলার সড়াতৈল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই একটি ট্রাকে করে ধান কাটার শ্রমিকরা উত্তরবঙ্গের দিকে ফিরছিলেন। ভোররাতে ট্রাকটি সড়াতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।তাৎক্ষণিকভাবে নিহতদের সবার পরিচয় জানা না গেলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁদের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা গ্রামে।মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত বাকি দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। নিহতরা সবাই পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন এবং কাজ শেষে দলবদ্ধভাবে বাড়ি ফিরছিলেন।দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের নাম-পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।