ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

খেলতে গিয়ে বান্দরবানে পুলিশের লুট হওয়া গ্যাস গ্রেনেড কুড়িয়ে পেল শিশুরা

বান্দরবানে খেলতে গিয়ে দুইটি পুলিশের গ্যাস গ্রেনেড কুড়িয়ে পেয়েছে কয়েকজন শিশু। পরে স্থানীয়দের সহায়তায় গ্রেনেড দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।শনিবার (৩১ জানুয়ারি) সকালে বান্দরবান শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন কাশেমপাড়া এলাকার একটি ঝিরির পাশে গ্রেনেড দুটি পাওয়া যায়।আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশেমপাড়া এলাকায় কয়েকজন শিশু ঝিরির ধারে খেলছিল। এ সময় তারা পলিথিনে মোড়ানো একটি পরিত্যক্ত বস্তু দেখতে পায়। কৌতূহলবশত পলিথিন খুলে গোলাকার দুটি বস্তু পেয়ে সেগুলো খেলনার মতো করে নিয়ে আসে।পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি সন্দেহজনক মনে করে শিশুদের কাছ থেকে বস্তু দুটি সংগ্রহ করে বাসস্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ গ্রেনেড দুটি উদ্ধার করে নিরাপত্তাজনিত কারণে বালতির পানিতে ডুবিয়ে রেখে নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।ঘটনার বিষয়ে শিশু তনিম ও তানভি জানায়, তারা ড্রেনের ওপর পলিথিনে মোড়ানো বস্তুটি পেয়ে সেটিকে খেলনার মতো ভেবে নিয়ে এসেছিল। পরে সেটি বোমা হতে পারে জানতে পেরে পুলিশের কাছে দিয়ে দেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, উদ্ধার হওয়া গ্যাস গ্রেনেড দুটি পুলিশের ব্যবহৃত। সাধারণত জনতা নিয়ন্ত্রণ ও পরিস্থিতি সামাল দিতে এসব গ্রেনেড ব্যবহার করা হয়। তবে এগুলো বান্দরবান জেলার পুলিশের নয়। ধারণা করা হচ্ছে, অন্য জেলা থেকে পুলিশের লুট হওয়া গ্রেনেড এখানে ফেলে রাখা হয়েছিল। তিনি আরও জানান, এই ঘটনায় আসন্ন নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খেলতে গিয়ে বান্দরবানে পুলিশের লুট হওয়া গ্যাস গ্রেনেড কুড়িয়ে পেল শিশুরা