পাবনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি” স্লোগানে গণপ্রকৌশল দিবস এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।শনিবার সকালে পাবনা জেলা আইডিইবি’র আয়োজনে শহরের মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আব্দুল হামিদ রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের প্রতিনিধি পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির এবং পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম।র্যালির পূর্বে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা আইডিইবি’র সভাপতি মোঃ মহসীন আলী ও সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন।পরবর্তীতে মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে বক্তব্য দেন জেলা আইডিইবি’র সভাপতি মোঃ মহসীন আলী। এসময় বক্তারা প্রযুক্তিগত শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় উন্নয়নে ভূমিকা এবং আধুনিক বাংলাদেশ গঠনে দক্ষ মানবসম্পদের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন, প্রকৌ. মোঃ হুমায়ুন কবির এবং আইডিইবি’র প্রবীণ সদস্য অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মোঃ ওয়ারেছ উদ্দিন।র্যালি ও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী, ব্যবসায়ী, চাকরি প্রত্যাশী এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ প্রায় ৬ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।