হাতিয়ায় ভার্চুয়ালি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা
নোয়াখালীর হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা। এখানে প্রায় সাড়ে সাত লক্ষ মানুষের বসবাস। যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন, চিকিৎসাসহ নানা সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে এই দ্বীপাঞ্চলের মানুষ।এ প্রেক্ষাপটে সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টায় হাতিয়া সরকারি দ্বীপ কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এ সময় মাঠে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে হাতিয়ার মতো পিছিয়ে পড়া দ্বীপাঞ্চলের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। তিনি নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আধুনিক হাসপাতাল স্থাপন এবং যুব উন্নয়নের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতি দেন।তিনি বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, এসব উদ্যোগ হাতিয়াসহ উপকূলীয় ও দ্বীপাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেকসই উন্নয়নের মাধ্যমে এই জনপদের আর্থসামাজিক পরিবর্তন ঘটানো হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান শামীম বলেন, হাতিয়ার সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত ও স্থায়ী সমাধানে তিনি নিরলসভাবে কাজ করবেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।