ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

রোহিঙ্গাকে এনআইডি প্রদানের অভিযোগে নেত্রকোনায় ৩ কর্মচারী চাকরিচ্যুত

নেত্রকোনার কলমাকান্দায় টাকার বিনিময়ে এক রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সহায়তা করার অভিযোগে আউটসোর্সিংয়ে কর্মরত তিন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল সোমবার তাঁদের অব্যাহতি দেওয়া হয়, যা আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।চাকরিচ্যুত কর্মচারীরা হলেন—ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া ও আরিফ মিয়া এবং স্ক্যানিং অপারেটর স্মরণ সরকার হীরা।জানা গেছে, গত জানুয়ারিতে জালিয়াতির বিষয়ে সংবাদ প্রকাশের পর নির্বাচন কমিশন তদন্তের নির্দেশ দেয়। ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, চাকরিচ্যুতরা সরাসরি নির্বাচন কমিশনের স্থায়ী কর্মী নন, তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে চুক্তিভিত্তিক কর্মরত ছিলেন। তবে জড়িতদের তালিকায় থাকা নির্বাচন কর্মকর্তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।এদিকে, চাকরিচ্যুতির খবর প্রকাশের জেরে ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়ার বিরুদ্ধে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

রোহিঙ্গাকে এনআইডি প্রদানের অভিযোগে নেত্রকোনায় ৩ কর্মচারী চাকরিচ্যুত