মোঃ শাহ্ জালাল, ফরিদপুর ব্যুরো চীফ:
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে অংশ নিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। গতকাল শনিবার (৮ আগস্ট) ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ইউএনওদের নিজ নিজ কর্মস্থলে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ মানুষের সেবা করার একটি বড় আমানত। আগামী প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।বৈঠকে উপজেলা পর্যায়ে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।এদিকে সালথা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের খাল পুনঃখনন কর্মসূচির আওতায় উপজেলার আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের তিনটি খালের মোট ৪ দশমিক ৫৩৫ কিলোমিটার পুনঃখনন করা হয়েছে। নির্ধারিত কাজ শেষে শ্রমিকদের মজুরি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় পরিশোধের পর অব্যয়িত সরকারি অর্থ কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।স্থানীয়দের মতে, উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় ব্যয়ের পর অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার বিষয়টি সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার দিকটি তুলে ধরে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাওয়া নির্দেশনা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউএনও দবির উদ্দিন সালথার জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা তাঁদের।বৈঠকে অংশ নেওয়ায় সালথার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইউএনও দবির উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।