ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীর ডিমলায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সভায় বক্তারা দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।মঙ্গলবার ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কৃষি হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার এবং উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হালিমুল হোসেন রাসেল, উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বক্তারা আরও বলেন, ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় গড়ে তুলতে হবে। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত, আহত ও নির্যাতনের শিকার ব্যক্তিদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আহ্বান জানান তারা।