মো. ফারুক আহমেদ রকি,, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বড় অঙ্কের ইয়াবার চালানসহ মরিয়ম বেগম (৩৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত ৭ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি কর্তৃপক্ষ।আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়া সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃত মরিয়ম উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী। নেত্রকোনা জেলা ডিএনসির সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।ডিএনসি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে একটি বাসে করে ইয়াবার বড় একটি চালান কেন্দুয়ার দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে তৎপর হয়ে ওঠে ডিএনসি টিম। সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে আঠারোবাড়ী-কেন্দুয়া সড়কে বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করা হয়।সন্দেহভাজন যানবাহনগুলোতে তল্লাশিকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘আশেকানে হাওলাপুরী’ নামের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। বাসে তল্লাশি চালিয়ে যাত্রী মরিয়ম বেগমের কাছ থেকে দুটি প্যাকেটে মোড়ানো মোট ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা এবং একটি আইটেল বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।স্থানীয় ও ডিএনসি সূত্র জানায়, মরিয়ম ও তাঁর স্বামী জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। মরিয়ম মূলত চট্টগ্রাম থেকে ইয়াবার বড় বড় চালানগুলো বহন করে নিয়ে আসতেন। এরপর এই দম্পতি যৌথভাবে তা স্থানীয় মাদকসেবী ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন:"আটক মরিয়ম বেগমকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে ডিএনসি সবসময় বদ্ধপরিকর। অপরাধ নির্মূলে আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"