জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ ও গাভী পালন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।রবিবার দুপুরে কালাই উপজেলা প্রশাসন মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে এবং কালাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।বক্তারা বলেন, সমাজের অবহেলিত হিজড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ ও গাভী পালন বিষয়ে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।