খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ কার্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ঢাকাগামী একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী বাসের পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। বাসটির রং লাল এবং নাম ‘আর এম স্পেশাল’ বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ কার্যালয় এলাকায় কোনো ধরনের ব্যারিকেড ছাড়াই ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এতে মহাসড়কের এক পাশ সংকুচিত হয়ে পড়ে। এক পাশে মোনায়েম কোম্পানির একটি রেকার এবং অন্য পাশে ওয়েল্ডিংয়ের মেশিন থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ সময় বাস ও মোটরসাইকেল ওভারটেক করতে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।দুর্ঘটনার পর মহাসড়কের ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।রায়গঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।