ছাম্মি আহমেদ আজমীর :, সিরাজগঞ্জ
জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে শুদ্ধ ও নির্ভুল নিবন্ধন নিশ্চিত করায় বিশেষ সম্মাননা ও স্বীকৃতি পেয়েছে সিরাজগঞ্জ পৌরসভা।বুধবার (৭ অক্টোবর) বিকেলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মো:শাহাদাত হুসাইনের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড.আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সম্মাননা প্রদান করেন।সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মো: শাহাদাত হুসেইন বলেন,শুদ্ধ ও নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে সিরাজগঞ্জ পৌরসভা এই বিশেষ সম্মাননা অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ অর্জন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ফল। ভবিষ্যতেও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও সহজ,দ্রুত ও নির্ভুলভাবে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব। এই স্বীকৃতি আমাদের আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।এদিকে সিরাজগঞ্জ পৌরসভার এই বিশেষ সম্মাননা অর্জনে পৌর প্রশাসক মো: শাহাদাত হুসেইন,পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জের বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শুদ্ধ ও সময়মতো জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিরাজগঞ্জ পৌরসভা এ স্বীকৃতি অর্জন করে। এ অর্জনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।