খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের কামারখন্দে বাড়িতে বিপুল পরিমাণ ইউরিয়া সার মজুদের ঘটনায় জরিমানা হওয়ায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মো. মনিরুল ইসলামের দলীয় সদস্যপদ (রুকুনিয়াত) বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।রোববার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম।তিনি জানান, দলীয় নিয়ম অনুযায়ী এ ধরনের বিষয়ে প্রথমে সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর তা অনুমোদনের জন্য আমিরে জামায়াতের কাছে পাঠানো হয়। তবে মনিরুল ইসলামের বিষয়টি জানার পর ডা. শফিকুর রহমান দ্রুত তার রুকুনিয়াত বাতিলের মৌখিক নির্দেশ দিয়েছেন। নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্তটি লিখিতভাবে চূড়ান্ত করা হবে।শহীদুল ইসলাম বলেন, এ বিষয়ে জেলা পর্যায়ে বৈঠক চলছে। বৈঠকের সিদ্ধান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র কেন্দ্রীয় আমিরের কাছে পাঠানোর পর আনুষ্ঠানিক অনুমোদন সম্পন্ন হবে।কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইউসুফ আলী বলেন, মনিরুল ইসলামের বাড়িতে ১৮ বস্তায় প্রায় ৯০০ কেজি ইউরিয়া সার পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সারগুলো জব্দ করা হয় এবং তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাটিকে দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচনা করে তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে দলীয় সিদ্ধান্তের লিখিত কপি এখনো হাতে পাননি বলে জানিয়েছেন মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, মোবাইল ফোনের মাধ্যমে রুকুনিয়াত বাতিলের খবর জানতে পেরেছেন।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৮ বস্তায় ৯০০ কেজি ইউরিয়া সার উদ্ধার করে জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।